আরসার রোহিঙ্গা ক্যাম্পের সামরিক শাখার প্রধান ইলিয়াস ধরা, সঙ্গে বিদেশি অস্ত্র

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে যুদ্ধফেরত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সামরিক শাখার প্রধান রোহিঙ্গা সন্ত্রাসী মো. ইলিয়াসকে দুটি বিদেশি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলিসহ আটক করেছে এপিবিএন সদস্যরা।

শনিবার (১৩ জুলাই) রাত ১টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকানসংলগ্ন বাঁশের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক ইলিয়াস (২৬) ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের মৃত হাসান আহমেদের ছেলে।

রোববার (১৪ জুলাই) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহঅধিনায়ক আরেফিন জুয়েল।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গোলাবারুদ, আরসার শীর্ষ নেতাসহ আটক ৫

আরেফিন জুয়েল বলেন, মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে ১৫ দিন আগে রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেন ইলিয়াস। তিনি আরসার রোহিঙ্গা ক্যাম্পের সামরিক শাখার প্রধান। অস্ত্র চালানোয় উচ্চ পযার্য়ের চারটি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত তিনি। তার কাছ থেকে দুটি বিদেশি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাকে অস্ত্র-গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এদিকে ইলিয়াসকে আটকের ঘটনার জেরে আজ ভোরে উখিয়া কুতুপালং মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এ সময় এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মো. শাহরাজ (২৫) এপিবিএন’র মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহঅধিনায়ক আরেফিন জুয়েল বলেন, রোববার ভোরে উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের টহলদলের সদস্যকে লক্ষ্য করে আরসার ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী অতর্কিত এলোপাতাড়ি গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পালটা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে তাদের ছোড়া গুলিতে শাহরাজ নামের এপিবিএন পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন। এতে তিনি ডান উরু ও ডান হাতের আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হন।

সহঅধিনায়ক আরেফিন জুয়েল বলেন, গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm