নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসা এক শিশুকে চাপা দিয়ে পালানোর সময় মঞ্জুর আলম শিপন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার ওয়াকওয়ে জোনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু মাইমুন আক্তার (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঞ্জুর আলম শিপন নগরের ডবলমুরিং থানার ২৩ নম্বর ধনিয়ালাপাড়ার আব্দুল মতিনের ছেলে। আহত মাইমুন আক্তার কোতয়ালী থানা চাক্তাই চামড়ার গুদাম এলাকার মামুনুর রশিদের ছেলে।
আরও পড়ুন : আখতারুজ্জামান ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারাল মোটরসাইকেল, যুবককে পিষে দিল কাভার্ডভ্যান
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পতেঙ্গা থানার সিবিচ চরপাড়া ঘাটে এক শিশুকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন এক মোটরসাইকেল আরোহী যুবক। পরে কিছুদূর গিয়ে তিনি নিজেই চরপাড়া স্লুইস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকেল ৫টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক শিশুসহ দুজনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় শিপন নামের এক যুবককে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত মাইমুন আক্তার নামে এক শিশুকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরএস/আরবি


