চট্টগ্রামে হঠাৎ বেড়ে গেছে হাম ও হাম সন্দেহে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা যাওয়া ১১ শিশুর ৫ জনই চট্টগ্রাম বিভাগের।
এদিকে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে মারা গেছে ২৫১ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২ শিশুর। আর ২০৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৪ হাজার ৪৬০ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ৩০ হাজার ৬০৭ জন শিশু।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন শিশু। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৮৭।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে চট্টগ্রাম বিভাগে। মারা যাওয়া ১১ শিশুর ৫ জনই চট্টগ্রাম বিভাগের। বাকি ৬ শিশুর ৩ জন ঢাকা বিভাগে, ২ জন সিলেট বিভাগে এবং ১ জন রাজশাহী বিভাগে।
আলোকিত চট্টগ্রাম


