হাটহাজারীতে ছাত্রকে পিটিয়ে মারল একই স্কুলের ছাত্ররা

হাটহাজারীতে মো. তানভীর (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলেছে একই স্কুলের ছাত্ররা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, আজ দুপুরে স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টায় তানভীর অংশ নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm