সিএমপি কমিশনার হাসিব আজিজ এখন অতিরিক্ত আইজিপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এদিকে একই প্রজ্ঞাপনে আরও ১১ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৮ মে অনুষ্ঠিত ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে ১৭ মে প্রধান উপদেষ্টা ১২ জন কর্মকর্তার পদোন্নতি অনুমোদন করেন।

আরও পড়ুন : রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সিএমপি কমিশনার, ৫ ওসিসহ ১২ পুলিশ আইজিপি ব্যাজ

পদোন্নতি পাওয়া অন্যরা হলেন— মো. গোলাম রসুল, একেএম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, গাজী জসীম উদ্দিন, আবু নাছের মো. খালেদ, মো. রেজাউল করিম পিপিএম-সেবা, খোন্দকার রফিকুল ইসলাম পিপিএম, মো. মোস্তফা কামাল, মোসলেহ্ উদ্দিন আহমদ, মো. ছিবাগত উল্লাহ পিপিএম-সেবা এবং সরদার নুরুল আমিন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাঁরা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন ডিআইজি হাসিব আজিজ। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।

১৯৭১ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুর জেলার সফিপুর থানায় জন্মগ্রহণ করেন হাসিব আজিজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (১৯৯৫) এবং যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটি থেকে এমএ (২০০৫) ডিগ্রি অর্জন করেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

হাসিব আজিজের বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm