সাতকানিয়ায় রাতের আঁধারে জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে দূর্বৃত্তরা। রক্তাক্ত হয়েছেন মো. ওয়াহিদ (২৮) নামে আরেক যুবক।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় এলাকার ভাঙারগোড়া ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিনগর এলাকার মৃত মো. নুরু প্রকাশ সর্বহারা নুরুর ছেলে। তিনি দুই শিশুর বাবা।
জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে জাহেদ ও তার বন্ধু ওয়াহিদ বাজালিয়া থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হারুনর রশীদ বলেন, ঘটনার শুরুতে আমি মনে করেছিলাম দুর্ঘটনা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি জাহেদ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। অপর পাশে তার মোটরসাইকেলটিও পড়ে ছিল। তার মাথার আঘাতের চিহ্ন দেখে কেউ তার কাছেই যাচ্ছিলেন না। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়েছিলাম।
জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজন ও আহত ভিকটিমের সঙ্গে কথা বলেছি। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


