রাউজানে রাতের আগুনে লাশ স্কুলছাত্র

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ফয়সাল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ২ জন। এছাড়া আগুনে পুড়ে গেছে তিনটি ঘর।

শনিবার (৮ মার্চ) রাত দেড়টার দিকে ডাবুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকার গনী চৌধুরীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

ফয়সাল একই ইউনিয়নের প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে । সে সালামত উল্লা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ।

আরও পড়ুন : রাউজানে গ্যাসের সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩, পুড়ল ৭ ঘর

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— মো. ইউছুফ, মুছা ও ইদ্রিস। দগ্ধরা হলেন— ফয়সালের চাচা হাবিব উল্লাহ ও দাদী শাহানু বেগম। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে এবং চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। রান্নাঘরের সঙ্গে লাগোয়া পাকা ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিল প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে ফয়সাল। আগুন লাগার পর ঘরের সবাই বের হতে পারলেও দ্বিতীয় তলায় আটকা পড়ে ফয়সাল। পরে পাশের ঘরের দেওয়াল ভেঙে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া অগ্নিদগ্ধ হন ফয়সালের চাচা হাবিব উল্লাহ ও দাদী শাহানু বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm