রাউজানে দাঁতের ডাক্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজিব (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার জলিলনগর বাস স্টেশনের আমানত খান মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
আটক অভিজিৎ সেন রাজীব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।
আরও পড়ুন : পটিয়ায় ধরা খেল ভুয়া নারী ডাক্তার
জানা যায়, জলিলনগর বাস স্টেশনের আমানত খান মার্কেটের দ্বিতীয় তলায় রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে চিকিৎসক পরিচয়ে অভিজিৎ সেন রাজিব চেম্বার পরিচালনা করেন। তবে তাঁর বিএমডিসি সনদ নেই। সনদ ছাড়াই তিনি ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় তিনি অপরাধ স্বীকার করায় ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাঁর কাছে থেকে মুচলেকা নেওয়া হয়। তবে জরিমানা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, বিএমডিসি সনদ ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল আইন এবং মেডিকেল প্র্যাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইনে ভুয়া চিকিৎসক অভিজিৎ সেন রাজীবকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে চেম্বার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মর্কর্তা ডা. মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শান্তনু পালিত ও ডা. তৃষি চৌধুরী। এতে সহায়তা করেন পুলিশ ও এনএসআই সদস্যরা।
এসএ/আরবি


