আনোয়ারায় অটোরিকশার চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন অটোরিকশাটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি-৭।
সংস্থাটি জানায়, গত ২০ অক্টোবর সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলো— কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)। সাকিব পেশায় অটোরিকশা চালক।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন মাদককারবারি আনোয়ারা হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে সরকারহাট এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
একপর্যায়ে সবুজ রঙের নম্বরবিহীন একটি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে চালক ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অটোরিকশার চালকের সিটের নিচে ইয়াবা থাকার কথা তাঁরা স্বীকার করেন। পরে সেখান থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
