চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে (ঢাকামুখী) এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় বড়তাকিয়া রেল ষ্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে লাইনে আড়াই ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে মিরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, আখাউড়া থেকে গাড়ির পার্টস, ইলেক্ট্রিক পণ্য নিয়ে ৩১ বগির মালবাহী ট্রেনটি (কনটেইনার) চট্টগ্রাম যাচ্ছিল। আজ সকাল সাড়ে ৭টা দিকে ওই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্ধ
এ বিষয়ে ট্রেনের গার্ড কুতুব উদ্দিন বলেন, হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে লোকো মাস্টারকে ফোন দিলে তিনি ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনে থাকা দুটি ফায়ার স্টোর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে দেখা যায় দুটি ফায়ার স্টোরই নষ্ট।
যোগাযোগ করা হলে ট্রেনের লোকো মাস্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের এডজস্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে ইঞ্জিন বন্ধ করে দিই। এরপর ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিস সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে ট্রেনটি নিয়ে গেছে।
মিরসরাই ফায়ার স্টেশন সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, বড়তাকিয়া স্টেশন মাস্টর থেকে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাই। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌঁছাতে বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছাই। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
বড়তাকিয়া রেল স্টেশন মাস্টার মো. শামসুদৌহা বলেন, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ট্রেন দিয়ে ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে আনার পর সকাল ১০টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এএ/আরবি


