যুবককে লাশ করে পালিয়ে গেল পূরবী বাস

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মিজানুর রহমান (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

যোগাযোগ করা হলে চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের লাশ এখনো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm