পটিয়ায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের আহলা দরবার শরীফ এলাকার নন্দীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রনি চৌধুরী স্থানীয় বাসিন্দা বুলবুল চৌধুরীর ছেলে এবং ছোট পরিসরে একটি মুরগির ফার্ম পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিজের ফার্মে যান রনি। এ সময় হঠাৎ আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে পড়লে তিনি ফার্মের ভেতরে লাইট জ্বালানোর জন্য সুইচ চাপেন। কিন্তু সুইচ বোর্ডটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় মুহূর্তেই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
প্রতিবেশী পরিমল দে বলেন, রনি খুবই পরিশ্রমী মানুষ ছিল। ছোট করে ফার্ম চালাতো। সকালে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেলে লাইট দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা কেউ বুঝতেই পারিনি সুইচে এমন সমস্যা ছিল।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়েছিল।
কেএ/আলোকিত চট্টগ্রাম

