দেশে হামে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিনজন। এর মধ্যে একজন চট্টগ্রামের। সবমিলিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৩ জন রোগী আসে। এদের মধ্যে ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ৩১৯ জন, রাজশাহীতে ২৩, সিলেটে ১১২, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৮৫ এবং রংপুর বিভাগে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছে।
আলোকিত চট্টগ্রাম


