মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। খামারটি থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকার মেহেদী হাসানের পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. মেহেদী হাসান বলেন, বুধবার রাতের কোনো এক সময় চোরের দল প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর খামারের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট, ৭০ হাজার টাকার মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। একইসঙ্গে খামারে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।
তিনি আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে পোল্ট্রি খামারের ব্যবসা শুরু করেছিলাম। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছিলাম। বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। আমার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এদিকে স্থানীয়রা জানান, দুদিন আগেও একই এলাকার আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দোকানে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরি নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, পোল্ট্রি খামারে চুরির বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএ/আলোকিত চট্টগ্রাম


