প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির কাজ করছে সরকার। জাতীয় সংসদে এমনটিই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর এ কথা ঘিরে তৈরি হয়েছে কৌতুহল। কারা থাকছেন প্রকৃত সাংবাদিকের তালিকায়— এ প্রশ্ন ঘিরেই যত জল্পনা-কল্পনা।
তবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী স্পষ্ট বলেছেন, পেশার মর্যাদা সমুন্নত রাখতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করেই প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির কাজ করছে সরকার।
জাতীয় সংসদের অধিবেশনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ কথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে সরকার। সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা হবে। পেশাগতভাবে কে সাংবাদিক হবেন, তা নির্ধারণের মানদণ্ড ঠিক করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
ভুয়া সাংবাদিকতার কারণে শুধু সংসদ সদস্যরাই নন, বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সঠিক তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে উৎসাহিত করছে।
সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সচেতন মহল। তবে তালিকা তৈরির ক্ষেত্রে তারা দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতা বজায় রাখারও আহ্বান জানিয়েছেন। তারা আশাপ্রকাশ করেন— এই তালিকা প্রণয়নে যেন কোনো দল বা গোষ্ঠীর প্রভাব না থাকে এবং ভিন্নমতের কারণে কোনো প্রকৃত সংবাদকর্মী যেন বঞ্চিত না হন।
আলোকিত চট্টগ্রাম


