কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক গাড়ি জব্দ ও নিহতদের লাশ উদ্ধার করেছে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ।
নিহতদের একজন বাবুল দে (৬৫)। তিনি পেশায় পল্লী চিকিৎসক। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। ডুলাহাজারা স্টেশনে তিনি ওষুধের দোকান করতেন।
অপর নিহত মহিউদ্দিন খালেদ রনি (৪১) উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছেন মালমুঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে রনি দে। হঠাৎ সড়কে দেখেন রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন তার বাবা বাবুল দে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে রনি। তবে সেখানে চিকিৎসক বাবুল দে’কে মৃত ঘোষণা করেন। বাবার সঙ্গে রনিও ওষুধের দোকানে বসতেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পল্লী চিকিৎসক বাবুল দে। তার ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় ছেলে রনি দে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল। আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল দেকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, ধারনা করা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কোনো বাস বা ট্রাক বাবুল দেকে চাপা দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী স্টেশনে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের (চট্টমেট্টো ব-১১-০৭৬৪) ধাক্কায় মহিউদ্দিন খালেদ প্রকাশ রনি (৪১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এসআই সেলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন খুটাখালী স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মহিউদ্দিন ছাড়াও মোটরসাইকেল রাইডার আবু বক্কর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন খালেদ রনিকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক সৌদিয়া বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


