পটিয়ায় অটোরিকশায় হঠাৎ আগুন, নারী ইউপি সদস্যসহ আহত ৩

পটিয়ায় অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ি থেকে প্রাণ বাঁচাতে দ্রুত নামতে গিয়ে গুরুতর আহত হন বোয়ালখালীর এক নারী ইউপি সদস্য। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও কয়েকজন। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পটিয়া-বোয়ালখালী সড়কের পটিয়ার ধলঘাট এলাকায় বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত নারী ইউপি সদস্যের নাম আইরিন সুলতানা। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল। ধলঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোয়ালখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে থাকেন যাত্রীরা। এ সময় দ্রুত নামতে গিয়ে ইউপি সদস্য আইরিন সুলতানা এক পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে ও অন্য আহতদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আইরিন সুলতানাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm