প্রথম শ্রেণিতে ভর্তি ৬ বছরে, প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী

বেসরকারি বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। আবার সাত বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে না। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ভর্তি করা যাবে ৫৫ জন শিক্ষার্থী।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্ম তারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য জমা দিতে হবে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।

এদিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর থাকতে হবে প্রয়োজনীয় প্রমাণপত্র।

নীতিমালায় বলা হয়, প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের আসন সংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।

অপরদিকে শিক্ষাবর্ষ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। আসন সংখ্যা নির্ধারণ ও ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm