একই স্পটে সকালে নিহত বৃদ্ধ, বিকেলে বৃদ্ধা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে এবং বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আবুল কালাম প্রকাশ (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে। রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম শনিবার সকালে ছোট কমদল এলাকায় মেয়ের বাড়ি যান। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

এদিকে রিজিয়া বেগম বিয়ের বাড়ি থেকে বাড়ি আসছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের এসআই জিয়া উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার বিকেলে ছোটকমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রিজিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সকালে একই স্থানে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম নামে একজন মারা গেছেন বলে চমেক পুলিশ জানিয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm