সাতকানিয়ায় একটি টার্ফে ফুটবল খেলতে গিয়ে মাথায় লোহার গোলপোস্ট পড়ে মারা গেছে মোহাম্মদ এনায়েত উল্লাহ (১১) নামে এক শিশু। সে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (৩০ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে পৌরসভার ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে এনায়েতের মাথায় লোহার গোলপোস্ট পড়েছিল।
এনায়েত সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়ার দর্জি হারুনর রশিদ বাদশার ছেলে।
জানা যায়, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টে ঝুলে থাকার চেষ্টা করে এনায়েত। একপর্যায়ে গোলপোস্টটি ভেঙে তার মাথায় পড়লে গুরুতর আঘাত পায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আর্থিক সংকটের কারণে পরে আবার তাকে চমেক হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ হোসাইন আলোকিত চট্টগ্রামকে বলেন, এনায়েত আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম
