রাউজানে এবার ব্যবসায়ী খুন

রাউজানে এবার জেঠাতো ভাইয়ের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী আবদুল মন্নান সওদাগর (৩৮)।

রোববার (২৮ জুন) রাত ২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ২৫ জুন উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিপাথর বাজারের ব্যবসায়ী আবদুল মন্নান সওদাগরকে (৩৮) গাছের খুঁটি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আবদুল মন্নান সওদগরের বাড়িতে একটি শিশুগাছ বাতাসে পড়ে যায়। গাছটি শাহাজাহানের কাছ থেকে লোকমান সওদাগর কিনে নেন। গাছের মালিকানা নিয়ে শাহাজাহানের সঙ্গে আবদুল মন্নান সওদাগরের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আবদুল মন্নান সওদাগরকে গাছের খুঁটি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে শাহজাহান।

নিহত আবদুল মন্নান সওদাগর হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার কবির আহম্মদের ছেলে। হামলাকারী শাহাজাহান ওই এলাকার ছালেহ আহম্মদের ছেলে।

জানতে চাইলে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত আবদুল মন্নান সওদাগরের পরিবার থেকে অভিযোগ পেলে মামলা রুজু করে হত্যকাণ্ডে সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm