আনোয়ারার একই বিছানায় স্বামীর সঙ্গে রাতে ঘুমিয়েছিলেন স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বামী নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান, পাশের একটি কক্ষে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে স্বামীর মরদেহ।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পন্ডিতের বাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।
মারা যাওয়া শাহাবুদ্দিন (৩৫) মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের বাবা এবং পেশায় নদীতে চলাচলকারী বিভিন্ন মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ হয়েছিল। রাত ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না দেখে খোঁজ করতে থাকেন। পরে পাশের একটি খালি কক্ষে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন শাহাবুদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
