পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে পটিয়া পৌর সদরের বাহুলী শ্রীমাই ব্রিজ-সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার (৫৫) কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা এলাকার মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগম (৬৫) একই গ্রামের সমিউদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি কৃষি জমিতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবার খাওয়ার জন্য কর্মস্থল থেকে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির প্রবাল এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘটনাস্থলেই নুর নাহারের মৃত্যু হয়।
গুরুতর আহত রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা এস এম রেজা রিপন বলেন, হঠাৎ ট্রেনের শব্দ ও মানুষের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি একজন নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। স্থানীয় লোকজন মিলে দ্রুত তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুনতাহিনা বলেন, আহত রাশেদা বেগমের মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং রক্ত জমাট বেঁধেছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এর আগে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়।
জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
দৃষ্টি আকর্ষণ করা হলে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক অসীম চন্দ্র ধর বলেন, রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়া বাহুলী শ্রীমাই ব্রিজ এলাকায় নিরাপদে রেললাইন পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। মানুষ প্রায়সময় ঝুঁকি নিয়ে রেললাইন অতিক্রম করে। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এমন প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন তারা।
কেএ/আলোকিত চট্টগ্রাম
