বোয়ালখালীতে পাহাড়ি ঢলে হারিয়ে গেল যুবক

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভাণ্ডালজুড়ি খালে হারিয়ে গেছেন দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হৃদয় পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে পাহাড়ের লিচু বাগানে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে কাজে যাওয়ার সময় ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা এলাকায় খাল পার হচ্ছিলেন হৃদয়। এ সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান জানান, পাহাড়ি ঢলের কারণে খালে তীব্র স্রোত ছিল। সেই সময় খাল পার হতে গিয়ে হৃদয় নিখোঁজ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে পাহাড়ে কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় হৃদয় নিখোঁজ হন।

নিখোঁজ হৃদয়কে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন বলে আলোকিত চট্টগ্রামকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm