মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার নোয়াপাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা মোহাম্মদ হাসেম (৩৮)।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়ায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আপন চাচা হাসেমের সঙ্গে তার বড় ভাইয়ের ছেলেদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় বড় ভাইয়ের দুই ছেলে মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল মিলে চাচার ওপর হামলা চালান। এক ভাতিজা হাতে থাকা ধারালো ছুরি চালিয়ে দেন চাচার পেটে। এতে চাচা হাসেমের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, ভিটেবাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা ও ভাতিজাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সর্বশেষ গত সোমবার দুপুরে সংঘর্ষের একপর্যায়ে ভাতিজার ছুরিকাঘাতে আহত হন চাচা হাসেম। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা গেছেন বলে শুনেছি। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm