আনোয়ারায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা নাহিদুল ইসলাম নাহিদ বলেন, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। এ সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


