লোহাগাড়ায় গভীর রাতের আগুনে পুড়ল ব্যবসায়ীর স্বপ্ন

লোহাগাড়ার গভীর রাতের আগুনে ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক জিয়াবুল শরীফ।

জিয়াবুল শরীফ লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনের এম রহমান প্লাজার মৌলানা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ও সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন (৫নং ওয়ার্ড), দাইমার খীল, হানি বরপাড়ার মৃত আবদুস সাত্তারের ছেলে। তিনি লোহাগাড়া মোস্তাফিজুর রহমান মার্কেট, এম রহমান প্লাজা ও ডা. সিরাজ উদ্দিন শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি।

শুক্রবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার বটতলী স্টেশনের এম রহমান প্লাজার মৌলানা ডিপার্টমেন্টাল স্টোরে ডিপ ফ্রিজে থেকে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, রাত দেড়টার দিকে মার্কেটের দারোয়ান ও স্থানীয়রা মৌলানা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ধোঁয়া বের হতে দেখে। এ সময় প্রত্যক্ষদর্শীরা দোকানের মালিক জিয়াবুল শরীফ এবং লোহাগাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। জিয়াবুল শরীফ দোকানে এসে আগুন নেভাতে গিয়ে আহত হন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাজির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়েছিল। তবে এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, বটতলী স্টেশনের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ ছিল।

ক্ষতিগ্রস্ত দোকের মালিক জিয়াবুল শরীফ জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার দোকানে আগুন জ্বলছে। তাৎক্ষণিক দোকানে এসে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে সাটার খুলে দেখি দোকানের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। দোকানে থাকা ফ্রিজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm