লাকড়ি কুড়াতে গিয়ে পড়ে গেল নৌকা থেকে, প্রবল স্রোতে ভেসে গেল যুবক

সাতকানিয়ায় রাতের আঁধারে লাকড়ি (জ্বালানি কাঠ) কুড়াতে গিয়ে শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন আবদুল আলম (৩৬) নামের এক যুবক।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরের দিকে শঙ্খ নদীর কাটগড় বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইঙ্গাপাড়ার ভেট্টা মিয়ার ছেলে। তিনি পেশায় রিকশাচালক এবং দুই সন্তানের বাবা।

নিখোঁজ আবদুল আলমের বড় ভাই নুরুল ইসলাম বলেন, আজ সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দা মোরশেদ, কাদের ও ফরমান জানান, রাতে শঙ্খ নদী থেকে কাঠ সংগ্রহ করার জন্য আবদুল আলম তাঁদের সঙ্গে নৌকা নিয়ে নদীতে গিয়েছিল। ভোরের দিকে কাঠ সংগ্রহের একপর্যায়ে আবদুল আলম নৌকার মাথা থেকে হঠাৎ নদীতে পড়ে যান। এরপর প্রবল স্রোতে তলিয়ে যান। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দীন বলেন, শঙ্খ নদীতে কাঠ সংগ্রহে গিয়ে আবদুল আলম নিখোঁজ হওয়ার বিষয়টি আমি শুনেছি। নিখোঁজ যুবককে খুঁজে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

যোগাযোগ করা হলে কালিইয়াশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদ আলোকিত চট্টগ্রামকে বলেন, বন্যার পানির জন্য ওই এলাকায় যাওয়া কঠিন হয়ে পড়েছে। তারপরও একটু পরে আমি ঘটনাস্থলে যাব।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm