আনোয়ারায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবাকে খুন করল ছেলে
আনোয়ারা একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হয়েছেন মা-বাবা। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই খুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার মৃত রেবতি দাশগুপ্তার ছেলে স্বপন দাশগুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘাতক ছেলের নাম রিমন দাশগুপ্ত (৪২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, ছেলেটি দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মা-বাবা ও ছেলে বাইরে থেকে বাড়িতে আসে। এর কিছুক্ষণ পরই ছেলে ছুরি দিয়ে তার মা’কে আঘাত করে। মা’কে বাঁচাতে বাবা এগিয়ে গেলে তাকেও আঘাত করে ছেলে। এ সময় আমরা দৌড়ে আশেপাশের মানুষদের ডাকতে যাই। এসে দেখি তার মা ঘটনাস্থলেই মারা গেছে। তার বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এদিকে বাবা স্বপন দাশগুপ্তের মৃত্যুর বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেন আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্য হয়। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
যোগাযোগ করা হলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
