চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ধরা পড়েছে। ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তিন সহযোগীকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ জুলাই) ভোরের দিকে যশোর জেলার কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যৌথভাবে এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ, যশোর জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার ৯টি টিম।
জানা গেছে, ডেভিড ইমন চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মো. মুসার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ৭টি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত গত বছরের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুনের মামলা। ওইদিন বখতিয়ার হোসেন ওরফে মানিক এবং আব্দুল্লাহ আল রিফাত নামে দুজনকে গুলি করে খুন করা হয়।
এছাড়া একই বছরের ২৩ মে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলায়ও নাম রয়েছে ডেভিড ইমনের। চাঁদাবাজি, অস্ত্রের ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধী নেটওয়ার্কে সহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় হামলা এবং কল রেকর্ড ভাইরাল হলে পুলিশের টার্গেটে পড়ে ডেভিড ইমন। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বলছে পুলিশ।
যোগাযোগ করা হলে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ মিরাজুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, রাত ৪টার দিকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআর/আলোকিত চট্টগ্রাম


