বাঁশখালীতে বজ্রপাত—কাথরিয়ায় স্কুলছাত্র লাশ, ঘরে ফিরলেন আহত বধূ

বাঁশখালীতে বজ্রপাতে মো. শিহাবুল ইসলাম সিফাত (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জেসমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে কাথরিয়া ও গণ্ডামারা ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে।

মো. শিহাবুল ইসলাম সিফাত কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের শফিক চেয়ারম্যান বাড়ির মাহমুদুর রহমানের ছোট ছেলে। সে কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : বায়েজিদে বজ্রপাত, সাততলায় লাশ যুবক

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বৃষ্টির সময় ঘরে যাওয়ার পথে বাড়ির পাশে আকস্মিক বজ্রপাতে সিফাত রাস্তায় লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে বজ্রপাতের ঘটনায় গণ্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ির উঠানে কাজ করার সময় আহত হন মো. বাদশার স্ত্রী জেসমিন আক্তার (২৫)। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলী লিপ্টন ওম আলোকিত চট্টগ্রামকে বলেন, বজ্রপাতে মারা যাওয়া শিশুর পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm