রেললাইনের ওপর পানি জমে থাকায় সহস্র যাত্রী নিয়ে নগরের ষোলশহরে আটকে গেছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। দুপুর তিনটার পরও ট্রেনটি আটকে ছিল।
জানা গেছে, সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস ট্রেন। বেলা ১২টা ৩৫ মিনিটে ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছুদূর গিয়ে ট্রেনটি আটকে যায়।
ষোলশহর স্টেশনের পরই জানালিহাট স্টেশন। জানালিহাট স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক একপ্রেসে এক হাজারের মতো যাত্রী রয়েছে।
তিনি আরও জানান, সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন জানালিহাট স্টেশন অতিক্রম করেছিল। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিক সংশ্লিষ্টরা বলছেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় ছিল। রেললাইন থেকে পানি সরে গেলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
আলোকিত চট্টগ্রাম


