সরকারি কাজে গিয়ে প্রাণ গেল আনসার-ভিডিপি কর্মকর্তার

মিরসরাইয়ে সরকারি কাজে পরিদর্শনে যাওয়ার পথে নিহত হয়েছেন আনসার-ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮)।

রোববার (৫ জুলাই) বেলা ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আবুতোরাব রাস্তার মাথায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।

জানা যায়, রোববার দুপুরে আলাউদ্দিন মোটরসাইকেলে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাচ্ছিলেন। পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ বিভিন্ন কর্মকর্তারা।

জানতে চাইলে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আনসার-ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন। পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার-ভিডিপি কর্মকর্তাকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এদিকে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আনসার-ভিডিপি কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm