টেকনাফে কলেজছাত্র খুন, অভিযোগের তীর বিএনপি নেতার দিকে

টেকনাফে চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফি উল্লাহ (২২) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

রোববার (৫ জুলাই) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শফি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতনপাড়া এলাকার বাসিন্দা হাফেজ মোকতার আহমদের ছেলে। তিনি টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্র ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তাঁর লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। আমি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছাড়ার জন্য কামাল আহমদ চাঁদাও দাবি করেছিলেন। এ ঘটনায় আদালতে দায়ের করা মামলা বিচারাধীন। শনিবার (৪ জুলাই) ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই ওঁৎ পেতে থাকা কামাল আহমদ ও তাঁর সহযোগীরা অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা চার ভাইসহ (আবু বক্কর, হাবিব উল্লাহ, শফি উল্লাহ) কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং বমি করে। তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, মূলত যাতায়াতের পথের জায়গা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm