নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে সীতাকুণ্ড গেলেন ভারতীয় নাগরিক

নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে ধরা খেলেন সুশান্ত নাথ (৩০) নামে এক ভারতীয় নাগরিক। তিনি কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার চাঁদরা এলাকার পতিকান্ত নাথের ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকার বিয়ের আসরে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

১৪ বছরের ওই পাত্রী বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । এ ঘটনায় বিয়ের মূল পরিকল্পনাকারী (ঘটক) ছেলের মাসি দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তাঁর মাসি দিপালী বালা নাথের মাধ্যমে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে যায় উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়ের মা, বাবা ও ছেলের মাসি পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনে হস্তক্ষেপে তারা আসতে বাধ্য হয়। এ সময় ঘটক ছেলের মাসি দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছাত্রী সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভারতীয় নাগরিক সুশান্ত নাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার আদেশ দেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ আল মামুন বলেন, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তিনি বিয়ের উদ্দেশ্যেই এখানে এসেছিল। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ছেলেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার দেশে চলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বাল্যবিবাহের মূল পরিকল্পনাকারী ছেলের মাসি দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএমই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm