এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়া : জেলা প্রশাসক ফখরুজ্জামান

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৯ সালে তিনি ক্ষমতায় এসে তথ্যপ্রযুক্তির কল্যাণে সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এখন তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসেই তাদের যাবতীয় কাঙ্খিত সেবা পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের পর এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়া। এজন্য সরকারের সকল দপ্তরকে সেবার মন-মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ আয়োজন করা হয়।

মেলায় ক্যাটাগরিভিত্তিক নির্বাচিত স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয় চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

আরও পড়ুন : জেলা প্রশাসকের বিরুদ্ধে চক্রান্তে উত্তাল চট্টগ্রাম, এবার ১০১ বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদ

জেলা প্রশাসক বলেন, জনগণের হয়রানি রোধ ও সরকারি সেবা কীভাবে সহজ করা হয়েছে তা জনগণকে জানাতে সারাদেশে এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন। তাই জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হলে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর ছেলে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নিরলস প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তিতে দেশ অনেকদূর এগিয়েছে। এ প্রজন্মের সন্তানেরা ডিজিটালাইজেশনের যুগে মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে পারলেই ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে আমরা ঘরে বসে পাসপোর্ট সেবা, ভূমির নামজারি, বিদেশ গমনের তথ্যসহ সকল ধরনের সরকারি সেবা দ্রুত ভোগ করছি। জনগণের সেবা নিশ্চিত করা সাংবিধানিক অধিকার। মানুষ যাতে কম খরচে, কম সময়ে ও ভোগান্তি ছাড়াই সহজে সরকারি সেবা ভোগ করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলমের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন। শেষে মেলায় ক্যাটাগরিভিত্তিক নির্বাচিত প্রতিষ্ঠান-স্টলগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm