দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু চালু হতে না হতেই মাত্র দুদিনের মাথায় ফের বন্ধ হয়ে গেছে সিইউএফএলের উৎপাদন। কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছিল।
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। উৎপাদন শুরুর পর কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোরে কারখানাটি ফের বন্ধ হয়ে যায়।
যোগাযোগ করা হলে সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। রোববার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


