জাপানি পিস্তল নিয়ে ঢাকা যাচ্ছিল ২ যুবক, করেরহাটে ধরা

মিরসরাইয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় শান্তি পরিবহন বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকরা হলো— ফেনী জেলার সোনাগাজী থানার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহউদ্দিন আকবর (৪৪) ও ফেনী সদর থানার ৫নং কাজীরবাগ ইউনিয়নের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি জাপানি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সূত্রে খবর মিলে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী শান্তি পরিবহনে ঢাকায় যাচ্ছে অস্ত্র চোরাকারবারের জন্য। এরপর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ওই বাসে অভিযান চালানো হয়। অভিযানে বাসের যাত্রীবেশে থাকা সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা খাগড়াছড়ির মাটিরাঙা থেকে ঢাকায় যাওয়ার জন্য শান্তি পরিবহন বাসের টিকেট কাটে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm