বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেছেন রাফি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নেত্রকোণায় তাঁর গ্রামের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। সে সময় ঘরের ভেতরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে রাফি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে দেয়। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাসার চাচি বের হয়ে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। আগুনের পাশেই একটি মাছ ধরার ঠেলা জাল ও ঠিক ওপরেই বিদ্যুতের মিটার ছিল। জালের একাংশ পুড়ে গেলেও চাচির চিৎকারে আমার বাবা-মা ঘুম থেকে উঠে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন রাফি। তিনি বলেন, পুলিশকে জড়িতদের চিহ্নিত করে দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের এই নীরবতা ও নিষ্ক্রিয়তায় পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছি।
সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে রাফি বলেন, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িতে ভাঙচুর, বিএনপির এমপিদের বাড়িতে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের হত্যার মতো ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কঠোর সমালোচনা করে রাফি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা ভয়াবহ নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। জনগণের করের টাকায় আপনার বেতন হয়। একের পর এক নৃশংস ঘটনা ঘটলেও আপনার কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দিন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অর্থের বিনিময়ে ও বিভিন্ন স্থানে বিএনপির কিছু নেতার তদবিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ারও কঠোর সমালোচনা করেন রাফি। এর ফলেই আজ বিএনপির এমপিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তব্যের শেষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খান তালাত মাহমুদ রাফি বলেন, আওয়ামী লীগকে বলতে চাই, মৃত্যুর ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। জুলাইয়ের বুলেট যেমন আমাদের থামাতে পারেনি, তেমনি তোমাদের অগ্নিসন্ত্রাসও নতুন বাংলাদেশের যাত্রা রুখতে পারবে না।
আলোকিত চট্টগ্রাম

