রাউজানে সিনিয়র সহকারী জজ আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আদালতের বিচারক আবুল মান্নানের খাস কামরায় থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র, মামলার নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত অথবা সোমবার (১৬ নভেম্বর) ভোরের কোনো এক সময়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে আদালতের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে এসে বিচারক আবুল মান্নানের খাস কামরায় আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিচারককে জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে রাউজান ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদালতের নাজির আকাশ নাথ জানান, সকালে অফিসে এসে খাস কামরায় আগুন জ্বলতে দেখে দ্রুত বিচারককে ফোন করা হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিচারকের খাস কামরার একটি জানালা খোলা ছিল। খোলা জানালা দিয়ে কেউ আগুন দিয়ে থাকতে পারে, অথবা কক্ষের ভেতরে থাকা এসির (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে মামলার কার্যক্রম ছাড়াই দূর-দূরান্ত থেকে আসা বাদী-বিবাদীরা ফিরে যান।
এসএ/আলোকিত চট্টগ্রাম


