চট্টগ্রামে ৩ ঘাটের নিলাম স্থগিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে থাকা সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার ঘাটের নিলাম কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মু. মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সাঈদ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত ১৬ জানুয়ারি প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : আইন আছে—আদেশ আছে, অভয়মিত্র ঘাটে তবুও বঞ্চিত মাঝিরা

যোগাযোগ করা হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এসএম সরোয়ার কামাল জানান, আদালতের আদেশ অনুযায়ী আপাতত তিনটি ঘাটের নিলাম কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে মাঝিদের অভিযোগ, আদালতের আদেশ উপেক্ষা করে বহিরাগত ব্যবসায়ীদের হাতে ঘাট ইজারা দেওয়ার ষড়যন্ত্র চলছে। অথচ এসব ঘাটের ওপর ২১৪ জন সাম্পান মাঝিসহ প্রায় সাড়ে ৪ হাজার মানুষের জীবিকা নির্ভর করে।

এ বিষয়ে চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ইতিমধ্যে চসিকের বিভিন্ন দপ্তরে আবেদন করে মাঝিদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়েছে।

চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, চসিক পেশাদার মাঝিদের অধিকার ক্ষুণ্ন করে বহিরাগতদের ইজারা দিতে চাইছে। এটি হলে কর্ণফুলীর মাঝিরা কর্মহীন হয়ে পড়বে। তাই ঘাট প্রকৃত মাঝিদের হাতে থাকাই নিরাপদ।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এসএম পেয়ার আলী বলেন, ২০০৩ সালের পাটনিজীবী নীতিমালা তোয়াক্কা না করে মাঝিদের ঘাটছাড়া করার ষড়যন্ত্র চলছে। আমরা আশা করি, চসিক দ্রুত পদক্ষেপ নিয়ে মাঝিদের অধিকার রক্ষা করবে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm