চট্টগ্রামে যাত্রী সেজে চালককে খুন, মুঠোফোনে ফেঁসে গেল খুনি

চট্টগ্রামে যাত্রী সেজে খুন করা হয়েছে ব্যাটারিচালিত এক রিকশা চালককে। নিহত চালকের নাম মো. জাহেদুল ইসলাম জাহেদ (২০)।

শনিবার (১ মার্চ) রাত ১১ টায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে সরল বেড়িবাঁধের ওপর ডোমপাড়ার অদূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (২ মার্চ) দুপুর ৩টায় বাঁশখালী থানায় পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, ঘটনাস্থলে খুনির ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে মো. আরমানকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত জাহেদুল ইসলাম জাহেদ বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তার মা ও দুই বোনের সংসারে জাহেদই একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি ছিলেন। দেড় মাস আগে তার বাবা হাবিব উল্লাহ ক্যান্সারে মারা যান।

আরও পড়ুন : ‘চাঁদা’ দিয়ে সিএনজি অটোরিকশা সমিতিতে ঢুকতে না পেরে ‘চালক’ খুন

প্রত্যক্ষদশীরা জানায়, শনিবার রাত ১১টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাহেদ। বেড়িবাঁধের ওপর রক্তাক্ত তিনি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করছিলেন। জাহেদের আকুতি শুনে পথচারীরা উদ্ধার করতে এগিয়ে যায়। এ সময় বাঁশখালী পৌরসদর থেকে ভাড়ায় নিয়ে আসা রিকশাযাত্রী ছুরি মেরেছে বলেই জ্ঞান হারান জাহেদ। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাঁশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে জাহেদের মৃত্যু হয়েছে।

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রিকশা চালক জাহেদ খুন হওয়ার ঘটনাস্থল থেকে তার মোবাইল ও গাড়ি উদ্ধার করা হয়। এ সময় খুনির ফেলে যাওয়া একটি মোবাইলও পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরে খুনি মো. আরমানকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm