বেপরোয়া পিকআপে যুবক নিহত, রক্তাক্ত তারেক জিয়া

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন তারেক জিয়া (২১) নামে আরেক যুবক।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুলহাজারা বাজার এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প এলাকার বাসিন্দা। আহত তারেক জিয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজল নগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ডুলহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও স্কুলের দেয়ালে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর চালক সাইদুল ইসলাম (৩০) গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় পিকআপে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। আহত তারেক জিয়ার চিকিৎসা চলছে।

যোগাযোগ করা হলে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, চালক যেহেতু বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে তাই তাকে আইনের আওতায় আনা হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm