চট্টগ্রামে যেন যুদ্ধ চলছে করোনা আর ডেঙ্গুর। করোনা নাকি ডেঙ্গু, কার চেয়ে কে বেশি আক্রান্ত করতে পারে লড়াইটা যেন এমন। গত ২৪ ঘণ্টায় ১৫০ নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ৪৪ জন করোনা রোগীর বিপরীতে ডেঙ্গু আক্রান্ত ৩৩৭ জন।
বুধবার (১৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত করোনা ও ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা রোগী
করোনা প্রতিবেদনের তথ্য অনুসারে, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের সাতটিতে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরনের ১২ নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ২০ নমুনা পরীক্ষায় ২ জন এবং পার্কভিউ হাসপাতালে ৩৯ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। তবে এপিক হেলথ কেয়ারে ৪০ নমুনা পরীক্ষা, ন্যাশনাল হাসপাতালে ১৯ নমুনা পরীক্ষা, মেট্রোপলিটন হাসপাতালে ৭ নমুনা পরীক্ষা, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৪ নমুনা পরীক্ষা এবং এভারকেয়ার হাসপাতালে ৯ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। আক্রান্তদের মধ্যে ৫ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ১ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট আক্রান্ত ৪৪ জনের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২১ ও শিশু ১ জন। এর মধ্যে নগরের ৩৭ জন এবং উপজেলার ৭ জন।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮টি ল্যাবে ১৮০ নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন। আক্রান্ত ৪ জনই পুরুষ।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩৩৭ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ১৫২ জন নগরের এবং ১৮৫ জন উপজেলার বাসিন্দা। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি।
এছাড়া মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন আক্রান্ত হয়েছিল। মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ ১৮৪ জন, নারী ৯৫ জন এবং শিশু ৫৪ জন।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন হাসপাতালে ভর্তি
প্রতিবেদনের তথ্য অনুসারে, উপজেলায় আক্রান্ত ১৮৫ জনের মধ্যে লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ায় ১৬ জন, বাঁশখালীতে ৬২ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ৪ জন, পটিয়ায় ৯ জন, বোয়ালখালীতে ৫ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, রাউজানে ৯ জন, ফটিকছড়িতে ৫ জন, হাটহাজারীতে ৩ জন, সীতাকুণ্ডে ৩৮ জন, মিরসরাইয়ে ৭ জন, কর্ণফুলীতে ১ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৬ জন।
এদিকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৮ জন। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৩ জন শিশু।
আরবি/আলোকিত চট্টগ্রাম


