চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৮ জন। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৩ জন শিশু।
মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : বাইরে করোনার ভয়, ঘরে ডেঙ্গু
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩৩৩ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ১৫২ জন নগরের ও ১৮১ জন উপজেলার বাসিন্দা। জানুয়ারিতে এবং এপ্রিল মাসে দুজনের মৃত্যু হয়। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি।
এছাড়া মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন আক্রান্ত হয়েছিল। মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ ১৮৪ জন, নারী ৯৫ জন এবং শিশু ৫৪ জন।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে, বর্ষায় কী হবে
প্রতিবেদনের তথ্য অনুসারে, উপজেলায় আক্রান্ত ১৮১ জনের মধ্যে লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ায় ১৫ জন, বাঁশখালীতে ৬০ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ৪ জন, পটিয়ায় ৯ জন, বোয়ালখালীতে ৫ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, রাউজানে ৯ জন, ফটিকছড়িতে ৪ জন, হাটহাজারীতে ৩ জন, সীতাকুণ্ডে ৩৮ জন, মিরসরাইয়ে ৭ জন, কর্ণফুলীতে ১ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৬ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


