চট্টগ্রামে এবার ডেঙ্গুর ছোবলে শিশু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত টুম্পা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মৃত্যু হয়েছে দুজনের এবং চলতি বছর মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে ৪ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, নারীর মৃত্যু

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুসারে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া টুম্পা নগরের বায়েজিদ এলাকার বাসিন্দা। সে গত ১ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর মারা যায়।

এর আগে রোববার (১ ডিসেম্বর) মরিজান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি ২৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২২ আক্রান্তের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন। আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু।

প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৭১ জন। এদের মধ্যে নগরে আক্রান্ত ২ হাজার ৬৭৪ জন, উপজেলায় ১ হাজার ৪৯৭ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ২১০ জন, নারী ১ হাজার ১৯৬ জন ও শিশু ৭৬৫ জন।

আরও পড়ুন : নভেম্বরে ১৬ মৃত্যুতে সহস্র ডেঙ্গু রোগী

অন্যদিকে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী ও ৫ জন শিশু। তবে চলতি বছরের নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল অক্টোবরে, ১ হাজার ৪৩০ জন।

এদিকে উপজেলায় ১ হাজার ৪৯৭ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২২৩ জন, সাতকানিয়ায় ১৬৪ জন, বাঁশখালীতে ৮৯ জন, আনোয়ারায় ৫৭ জন, চন্দনাইশে ৮৮ জন, পটিয়ায় ১০৩ জন, বোয়ালখালীতে ৫৩ জন, রাঙ্গুনিয়ায় ৪০ জন, রাউজানে ১৭১ জন, ফটিকছড়িতে ৫৩ জন, হাটহাজারীতে ৬৭ জন, সীতাকুণ্ডে ২৫১ জন, মিরসরাইয়ে ৪৮ জন, সন্দ্বীপে ১৮ জন এবং কর্ণফুলী উপজেলায় ৭২ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm