চকরিয়া পৌরশহরে দুই শতাধিক দোকান উচ্ছেদ

সড়ক দখল করে অবৈধভাবে ভাসমান দোকান বসিয়ে চলছিল জমজমাট ব্যবসা। এতে চরম যানজটের সৃষ্টি হচ্ছিল। আবার সাধারণ মানুষদেরও চলাচলে পোহাতে হচ্ছিল ভীষণ দুর্ভোগ। এমন পরিস্থিতিতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ভাসমান দোকান উচ্ছেদে চালানো হয়েছে অভিযান। উপজেলা ও পৌর প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে দুই শতাধিক দোকান।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, পৌরসভার সচিব ডা. লোকমান এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরশহরের সড়ক দখল করে ভাসমান দোকান বসিয়ে চলছিল জমজমাট বাণিজ্য। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। সড়কে যান চলাচলও বিঘ্ন হচ্ছিল। এসব বিবেচনায় নিয়ে ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালান ইউএনও এবং পৌর প্রশাসক শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

জানতে চাইলে ইউএনও এবং পৌর প্রশাসক শাহীন দেলোয়ার আলোকিত চট্টগ্রামকে বলেন, সড়ক দখল করে ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পুনরায় দোকান না বসানোর জন্য সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কেউ যদি সড়ক দখল করে দোকান বসায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm