আহলে সুন্নাতে উত্তপ্ত চট্টগ্রাম, পুলিশের টিয়ার শেল—আটক ৮

ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকার সাবেক নগর সভাপতি মাওলানা মু. রইস উদ্দিন খুনের প্রতিবাদে উত্তপ্ত চট্টগ্রাম। নগর ও উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক করা হয়েছে ৮ জনকে।

সোমবার (৫ মে) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, একে খান, সল্টঘোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

এদিকে জেলার হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়ায়ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। কোথাও কোথাও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ চালানো হয়। সল্টঘোলা এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত  ৮ জনকে আটক করা হয়েছে।

কয়েকজন বিক্ষোভকারীরা বলেন, আলেম হত্যায় আর নীরব প্রতিবাদ নয়। মাওলানা রইস উদ্দিনের খুনিরা ইসলাম, মসজিদ ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে। রাষ্ট্রের নীরব প্রশ্রয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এখনই বিচার চাই, নয়ত সারাদেশ অচল করে দেওয়া হবে।

তারা বলেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বিচারহীনতার সংস্কৃতি চলছে। প্রশাসন যদি খুনিদের পক্ষ নেয়, তাহলে জনগণের আদালতই রায় দেবে।

এর আগে শনিবার (৩ মে) এক সমাবেশে আহলে সুন্নাত চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ এবং ৫ মে সারাদেশে অবরোধের ঘোষণা দেন।

এদিকে অবরোধের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সকাল থেকে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm