আনোয়ারায় হাসপাতালে হামলা, কেন মারা গেল শিশু জুনায়েদ?

আনোয়ারা ভুল চিকিৎসায় শিশু মারা যাওয়ার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে স্থানীয়রা।

বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে (পিএলসি) এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারা যাওয়া শিশুর নাম মো. রবিউল হাছান জুনায়েদ (৮)। সে সাতকানিয়া উপজেলার শীলকাঠা এলাকার মো. আরাফাতের ছেলে। প্রায় পাঁচ বছর ধরে সে আনোয়ারার বরুমছড়া ইউনিয়নে তার নানার বাড়িতে বসবাস করছিল।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় রবিউল আহত হয়। পরে তাকে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাকে বাড়ি যেতে বলেন এবং তিনদিন পর ড্রেসিং করানোর জন্য হাসপাতালে আনতে বলেন।

শিশুর মামা মো. সাইফুল রহমান বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে নেওয়ার পর জুনায়েদকে ওষুধ খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পর সে অস্বাভাবিকভাবে বমি করতে শুরু করে। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবারের সন্দেহ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে শিশু জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাসপাতালটিতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়।

এ বিষয়ে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm