কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ আহম্মদ নুর (৪৫) নামে এক যুবক ধরা পড়েছে। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (৩ জুন) রাত ২টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় এ অভিযান চালায় র্যাব-১৫।
আহম্মদ নুর পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
র্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে, শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মসজিদ-সংলগ্ন পাকা তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আহম্মদ নুরকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি করে তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, দুটি তাজা কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
জানতে চাইলে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করে অস্ত্র ও গোলাবারুদসহ তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান অস্ত্রসহ আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
